ঈদের ছুটিতে খুলনার বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল


খুলনা ব্যুরো : ঈদের ছুটিতে খুলনার বিভিন্ন বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কর্মব্যস্ত নগরজীবন থেকে একটু স্বস্তি পেতে মানুষ ছুটে যাচ্ছেন নদীর ধারে, পার্কে কিংবা আশপাশের পর্যটনস্থলে।
ঈদের তৃতীয় দিন সোমবার (২৩ মার্চ) শহরের বিভিন্ন স্থানে দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে বিনোদনকেন্দ্রগুলো। পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে এসে শিশুদের উচ্ছ্বাস, তরুণদের আনন্দ আর সবার মিলিত উপস্থিতিতে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
শহরের গুরুত্বপূর্ণ বিনোদনস্থলগুলোর মধ্যে খানজাহান আলী (র.) সেতু (রূপসা সেতু), শহীদ হাদিস পার্ক, ৬ ও ৭ নম্বর ঘাট, বনবিলাস চিড়িয়াখানা, জাতিসংঘ শিশুপার্ক, দিঘলিয়ার ঈদ মেলা, উল্লাস পার্ক, রিভারভিউ পার্ক ও ওয়ান্ডারল্যান্ড পার্কে ছিল সবচেয়ে বেশি ভিড়।
রূপসা ও ভৈরব নদীর তীরজুড়ে গড়ে উঠেছে অস্থায়ী বিনোদনস্থল। বিশেষ করে ৬ ও ৭ নম্বর ঘাট এলাকাকে কেন্দ্র করে ভৈরব নদীর পাড় দীর্ঘদিন ধরেই ছুটির দিনে মানুষের ভিড়ে মুখর থাকে।
এদিকে রূপসা নদীর তীরবর্তী রিভারভিউ পার্কও দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। পার্কটির দক্ষিণে রূপসা ও কাজীবাছা নদীর সংযোগস্থল এলাকাতেও প্রতিদিন বিকেলে মানুষের ভিড় জমছে। একসময়কার বটিয়াঘাটা ফেরিঘাট এলাকা এখন নদীভাঙন রোধে বসানো ব্লকের ওপর গড়ে ওঠা নতুন বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।





