বাগেরহাট

ঈদের আনন্দ ভাগাভাগি: বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উপহার বিতরণ

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বাগেরহাটে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে মাজেদা বেগম ফাউন্ডেশন। ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

বুধবার (১১ মার্চ) দুপুরে বাগেরহাট ষাটগম্বুজ এলাকাসহ বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. এ. সালাম উপস্থিত থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন।

বিতরণকৃত ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঈদকে সামনে রেখে এমন সহায়তা তাদের পরিবারের জন্য অনেকটাই স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

এ সময় এম. এ. সালাম বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই মাজেদা বেগম ফাউন্ডেশনের মূল লক্ষ্য। পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ যেন সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এই চিন্তা থেকেই প্রতি বছর ঈদের আগে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সবাইকে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

স্থানীয়রা জানান, মাজেদা বেগম ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বাগেরহাট এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে ঈদ, রমজানসহ বিভিন্ন উৎসব ও দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান করে সংগঠনটি প্রশংসা কুড়িয়েছে।#

এই বিভাগের আরও সংবাদ