পরিচ্ছন্ন খুলনা গড়তে সমন্বিত পরিকল্পনার নির্দেশ কেসিসি প্রশাসকের


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেই পরিকল্পনা নগরবাসীর সামনে উপস্থাপন করে তাদের মতামতও নেওয়া হবে। সংশ্লিষ্ট সকলের সমন্বয়ের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি’র ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সেবা বৃদ্ধি লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রশাসক মাঠ পর্যায়ের সুপারভাইজারদের কাছ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিদ্যমান সমস্যাগুলো শোনেন এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সেগুলো সমাধানের নির্দেশ দেন। এ সময় বর্জ্য পরিবহনের সময় সড়কে না পড়া নিশ্চিত করা, দীর্ঘ সময় সড়কে প্রতিবন্ধকতা থাকলে দ্রুত সংশ্লিষ্টদের জানানো এবং নির্মাণ সামগ্রী দ্রুত অপসারণে ঠিকাদারদের বাধ্য করার নির্দেশ দেওয়া হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে সভায় সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



