খুলনা

বটিয়াঘাটার চাঞ্চল্যকর হত্যা; পিবিআইয়ের জালে আটক হত্যাকারীর সহযোগী

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনার বটিয়াঘাটায় আলোচিত মস্তকবিহীন সালেহা বেগম হত্যা মামলার পলাতক আসামি সিজার মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ১ মার্চ ঢাকার হাতিরঝিল থানাধীন মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, ২০২৫ সালের ১৯ আগস্ট গজালিয়া গ্রামে সালেহা বেগমকে হত্যা করে তাঁর পরিচয় গোপন করতে মরদেহের মাথা বিচ্ছিন্ন করা হয়। পরে মাথা, দেহ, পরনের কাপড়, মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত আলামত নদীতে ফেলে দেওয়া হয়।

তদন্তে জানা যায়, সালেহা বেগমের সঙ্গে একই গ্রামের লালন গাজীর পরকীয়া সম্পর্ক ছিল। বিদেশ থেকে ফেরার পর তাঁদের সম্পর্ক গাঢ় হয়। একপর্যায়ে বিয়ের দাবিতে চাপ দিলে লালন গাজী হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন তিনি সালেহাকে মামাতো ভাই সিজার মোল্লার বাড়িতে নেওয়ার কথা বলে নিয়ে যান এবং দুজন মিলে হত্যাকাণ্ড ঘটান।

এর আগে লালন গাজীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর পলাতক সিজার মোল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পিবিআই খুলনা জেলা ইউনিট। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। পরে আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোস্তফা কামালের তত্ত্বাবধানে এবং খুলনা জেলা ইউনিটের পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এই বিভাগের আরও সংবাদ