খুলনার দিঘলিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা


খুলনা ব্যুরো : খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবদল নেতা নিহত হয়েছেন। ২৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সেনহাটি ইউনিয়নের বকশিবাড়ি কবরস্থানের সামনে উক্ত ঘটনা ঘটে।
নিহত খান মুরাদ (৩৫) সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি হাজী গ্রামের বাসিন্দা খান মুনসুর আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে সাজ্জাদ ও আলামিনসহ ১০ থেকে ১৫ জনের একটি দল মুরাদের ওপর হামলা চালায়। হামলার মুখে তিনি পাশের একটি দোকানে আশ্রয় নেন। পরে হামলাকারীরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে। তার দুই পায়ের হাঁটুর নিচের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।





