খুলনা

বটিয়াঘাটায় প্রাকৃতিক সম্পদে অধিকার প্রতিষ্ঠায় লোকজ-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুরে ১৮ ফেব্রুয়ারী বুধবার ‘প্রাকৃতিক সম্পদে অধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি ও ইস্যু নির্ধারণী’ শীর্ষক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষক নেতৃত্বে জীবিকা উন্নয়ন প্রকল্প-এর আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লোকজ’ এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় স্থানীয় প্রাকৃতিক সম্পদ যেমন: জমি, জলাশয় ও বনজ সম্পদের ওপর প্রান্তিক কৃষক ও ভূমিহীন মানুষের অধিকার নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রকল্পের কার্যক্রম ও কর্মশালার উদ্দেশ্য বর্ণনা করেন লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার। তিনি বলেন, “প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং নিজেদের অধিকার আদায়ে সচেতন হওয়া জরুরি”।

পুরো প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন লোকজ-এর সমন্বয়কারী পলাশ দাশ। সেশনে স্থানীয় প্রাকৃতিক সম্পদের ধরন, সম্পদ ব্যবহারে বিদ্যমান চ্যালেঞ্জ এবং সমস্যা সমাধানে ‘অ্যাডভোকেসি’ বা জনমত গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কৃষক দল ও ভূমিহীন দলের মধ্যে পারস্পরিক নেটওয়ার্কিং বৃদ্ধির মাধ্যমে কীভাবে সম্মিলিত শক্তি তৈরি করা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালার দ্বিতীয় অংশে অংশগ্রহণকারী কৃষকরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে তাদের এলাকার প্রধান সমস্যাগুলো চিহ্নিত করেন এবং সেগুলো সমাধানে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

কর্মশালায় দাকোপ-বটিয়াঘাটার ১৮ টি গ্রামের কৃষক প্রতিনিধি এবং ভূমিহীন দলের সদস্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সহায়তা করেন লোকজ-এর সিনিয়র কর্মসূচি কর্মকর্তা মিলন কান্তি ম-ল, অ্যাডভোকেসী ও প্রশিক্ষণ কর্মকতা মৌফারসের আলম লেনিন প্রমূখ।

এই বিভাগের আরও সংবাদ