রূপসায় নির্বাচনী মালামাল বিতরণ; কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ১১ ফেব্রুয়ারী বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে খুলনা জেলার রূপসা উপজেলায় নির্বাচনী মালামাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
বুধবার তিনি রূপসা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকার।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার রূপসা উপজেলার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতিও পরিদর্শন করেন। তিনি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রূপসা উপজেলায় সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





