খুলনায় সেনা ও নৌ বাহিনীর সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ২ টা ৩০ মিনিটে ৫৫ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগদানের উদ্দেশ্যে হেলিকপ্টরযোগে যশোর থেকে খুলনা স্টেডিয়ামে অবতরণ করেন এবং খুলনায় অবস্থিত সদর ব্যাটলিয়ন ১৭বীর এর কনফারেন্স রুমে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, খুলনা জেলার পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের একজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন।
উক্ত বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনএস তিতুমীর, খুলনা নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল জনাব এ,কে এম জাকির হোসেন (এন), এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন।
উক্ত বৈঠকে তারা কিভাবে কাজ করলে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া যায় সে বিষয়ে মতবিনিময় করেন। জিওসি মহোদয় পুলিশ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় কিভাবে আরো জোরদার করা যায় সে বিষয়ে জানতে চান।
এসময় কেএমপি কমিশনার কোন কেন্দ্রে আইনশৃঙ্খলার অবনতি হলে সেনা বাহিনী ও নৌ বাহিনীর টহল টিম পুলিশের অনুরোধে দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সহযোগিতা করে সে বিষয়ে জিওসি মহোদয় এবং খুলনা নৌ অঞ্চালের কমান্ডার মহোদয় কে অনুরোধ করেন।





