খুলনা

সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ১২টি ভারতীয় এয়ারগান উদ্ধার

খুলনা ব্যুরো : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় ১২টি এয়ারগান ও বিপুল পরিমাণ গুলি ও সরঞ্জাম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাতে কৈখালী এলাকার গোলাখালী নদীর পাড়ের একটি চিংড়ি ঘেরের কোণায় মাটিচাপা অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী বিওপির একটি টহল দল নায়েব সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে অভিযান চালায়। অভিযানে ১২টি এয়ারগান ছাড়াও ১৫ বক্স গুলি, ৭টি স্প্রিং, ৪০টি পিস্টন হোল্ডার এবং ১৬টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ১৪ হাজার ৬০০ টাকা।

বিজিবির ধারণা, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এসব অস্ত্র অবৈধভাবে দেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। অভিযানের সময় কাউকে আটক করা না গেলেও সংশ্লিষ্ট চক্র শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র বর্তমানে বিজিবির নিরাপদ হেফাজতে রয়েছে।

নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ