রাজশাহী

দুর্গাপুরে অভিযানে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

জাহিদুল ইসলাম, দু্‌র্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ–২’-এর আওতায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার মামলা নং–০২, তারিখ–০৩/০৯/২০২৪; জিআর নং–১৩৩/২৪; ধারা–১৫(৩)/২৫ডি দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪; তৎসহ ১৪৩/৩২৩/৫০৬/১১৪/৩৪ দণ্ডবিধি এবং ৩ দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর আওতায় দায়েরকৃত মামলার তদন্তে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।

এই বিভাগের আরও সংবাদ

এরই ধারাবাহিকতায় নিষিদ্ধ যুবলীগ নেতা মোঃ সেলিম মন্ডল (৪৮) ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এস. এম. আল-মুহিত ওরফে রুপস (২৭)-কে গ্রেফতার করে পুলিশ। মোঃ সেলিম মন্ডল দুর্গাপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি মৃত বাহার মন্ডলের পুত্র। তাকে গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টা ০৫ মিনিটে দুর্গাপুর উপজেলার ধোপাপাড়া এলাকার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, এস. এম. আল-মুহিত ওরফে রুপস রাজশাহী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার পিতার নাম মোঃ রাক্তিবুল ইসলাম। পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে দুর্গাপুর উপজেলার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, নাশকতা ও বিস্ফোরক সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দুই আসামিকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রাজশাহী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ–২’ অব্যাহত থাকবে। এ বিষয়ে আইনানুগ পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ