দুর্গাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতায় র্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী


জাহিদুল ইসলাম, দু্র্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে রাজশাহীর দুর্গাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, দুর্গাপুরের উপ-সহকারী প্রকৌশলী মো. নাহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা. তারজিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহা. বাবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো.এ.মতিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. আসগর আলী।
এ ছাড়া সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাসান আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেয়।
কর্মসূচিতে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শনের মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন জীবাণুবাহিত রোগের ঝুঁকি কমানো এবং সুস্থ জীবনযাপনে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।



