দুর্গাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, পরিবেশ সংরক্ষণ এবং জনদুর্ভোগ নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভায় মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যুবসমাজকে কর্মমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া অবৈধ পুকুর খনন বন্ধ, রাস্তাঘাটে যানজট নিরসন এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তব্য দেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী পঞ্চানন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. ন. ম. রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারমিন শাপলা, উপজেলা ডেভেলপমেন্ট অফিসার আ. মতিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রুহুল মোছাদ্দেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনিসুর রহমান।
এ সময় আরও বক্তব্য দেন দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মণ্ডল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, ৪ নম্বর দেলুয়াবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ১ নম্বর নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোতুর্জা এবং উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দুর্গাপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সাধারণ জনগণের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। এ জন্য নিয়মিত তদারকি, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল দুর্গাপুর গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।



