যথাযোগ্য মর্যাদায় দুর্গাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকালে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলার গগনবাড়িয়া এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদের স্মরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত সবাই গভীর শ্রদ্ধা ও নীরবতায় শহীদদের প্রতি সম্মান জানান।
এরপর সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু। আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা অর্জনে তাঁদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও চেতনা ধারণ করেই একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।



