পঞ্চগড়ে সাইট্রাস ফল চাষে বিপ্লব, সফল উদ্যোক্তা আতাউর রহমান


আল মাহমুদ দোলন,পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কৃষি বিপ্লবের সূচনা হয়েছে। এখানকার মাটি ও আবহাওয়া সাইট্রাস ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায়, নানা প্রকার বিদেশি সাইট্রাস জাতের ফল চাষে সফলতা পাচ্ছেন উদ্যোক্তারা। এর মধ্যে অন্যতম একজন হলেন আতাউর রহমান, যিনি ৩০ প্রকার সাইট্রাস ফলের চাষ করে এলাকাজুড়ে সাড়া ফেলেছেন। তার সফল উদ্যোগে পঞ্চগড়ে সাইট্রাস ফলের চাষ ক্রমেই জনপ্রিয় হচ্ছে এবং নতুন উদ্যোক্তাদেরও আকৃষ্ট করছে।
আতাউর রহমান, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তীরনই হাট ভাঙা মাদ্রাসা এলাকার একজন উদ্যমী কৃষক। তিনি প্রায় সাড়ে চার বছর আগে ৫০ শতক জমিতে বিদেশি ৩০ প্রকার সাইট্রাস ফলের চাষ শুরু করেন। প্রাথমিকভাবে ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে শুরু করা এই উদ্যোগটি এখন সফলতার দিকেই এগিয়ে চলেছে। আতাউরের বাগানে রয়েছে এফোরআর মেন্ডারিন, ডেইজি মেন্ডারিন, ইম্পেরিয়াল মেন্ডারিন, সিডলেস ভ্যালেন্সিয়া সহ নানা জাতের কমলা, মাল্টা এবং অন্যান্য সাইট্রাস ফল। ফলের পাশাপাশি, এসব গাছের চারা বিক্রি করেও তিনি বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করেছেন।
এখন, আতাউর রহমানের পরিকল্পনা রয়েছে তার বাগানটি ১০ বিঘায় প্রসারিত করার এবং বছরে ১৫ লাখ টাকার বেশি উপার্জন করার। তার বাগান দেখতে প্রতিদিনই আশপাশের এলাকার অনেক মানুষ আসেন। তারা শুধু নতুন সাইট্রাস জাতের ফল দেখেন না, বরং উৎসাহিত হয়ে নিজেরাও এমন বাগান গড়ার পরিকল্পনা করছেন। স্থানীয় কৃষি বিভাগও তার এই উদ্যোগে সাহায্য করছে এবং তাকে উৎসাহিত করছে।
আতাউর রহমান বলেন, “আমার বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন এলাকার মানুষ। তারা এখানে এসে শুধু ফল দেখেন না, বরং নতুন ধরনের সাইট্রাস ফসলের সাথে পরিচিত হন এবং উৎসাহিত হন নিজেরাও এই ধরনের বাগান গড়ার জন্য।”
বাগান দর্শনার্থী আতীক ও হীমেল বলেন, “এখানে আসলে গাছগুলো হলুদে সজ্জিত, দেখে মুগ্ধ হচ্ছি। আমরা নিজেরাও ছোট আকারে বাড়ির উঠোনে সাইট্রাস ফলের চাষ করার পরিকল্পনা করছি।”
স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, তারা সাইট্রাস প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের সর্বোচ্চ সহায়তা প্রদান করছে। প্রদর্শনী বাগান ও ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলে সাইট্রাস বাগানের সংখ্যা বাড়ছে, যা পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি এলাকার অর্থনীতি উন্নত করছে।
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন জানিয়েছেন, “পঞ্চগড়ে বর্তমানে ২১৩.৪ হেক্টর জমিতে সাইট্রাস চাষ হচ্ছে। আর যদি সবকিছু ঠিক থাকে, তবে এবছর ১২৩৯ মেট্রিক টন সাইট্রাস জাতীয় ফল উৎপাদন করা সম্ভব হবে।”





