খুলনা

খুলনায় অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী মমির মা হেফাজতে

খুলনা ব্যুরো : খুলনার দৌলতপুরে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান মমির বাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬)। তবে অভিযানের সময় বাড়িতে পাওয়া যায়নি মমিকে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার মা রাজিয়াকে হেফাজতে নিয়েছে অভিযান পরিচালনাকারী দল।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন মনি মার্কেট এলাকার হাঁস খামারসংলগ্ন মমির বাড়িতে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর একটি দল বাড়িটিতে তল্লাশি চালায়। এ সময় বাড়ির বিভিন্ন কক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার এসআই দিবাকর জানান, অভিযানের সময় মেহেদী হাসান মমি বাড়িতে ছিলেন না। তবে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার মা রাজিয়াকে এসআরবি হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। যে বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে, সেটি তার নানি ও সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর সাহিদা বেগমের বাড়ি বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে, অভিযানের বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) এএফএম জাহিদুল ইসলাম বলেন, অভিযানটি এসআরবি পরিচালনা করেছে। এ বিষয়ে তাদের কাছে এখনো কোনো হালনাগাদ তথ্য আসেনি।

অন্যদিকে, একই রাতে আনুমানিক ২টার দিকে নগরীর সদর থানা এলাকায় পৃথক আরেকটি অভিযান চালানো হয়। দক্ষিণ টুটপাড়া ২৮ নম্বর ওয়ার্ডের বালুর মাঠসংলগ্ন ফিরোজ নামের এক ব্যক্তির বাড়ির টিনের প্রাচীরের বাইরের পাশ থেকে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পরিত্যক্ত দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। দুই অভিযানে মোট দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ