পঞ্চগড়

দেবীগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

মাহমুদ দোলন ,পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দাড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে শিশুটি বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিল। এ সময় তার বাবা-মা ও ভাই বাড়িতে ছিলেন না। আবহাওয়া খারাপ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে প্রতিবেশী খগেশ্বর রায় (৪৮) শিশুটির মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের নিচে খালের পাড়ে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় প্রতিবেশী মঙ্গলী রানী কাজ শেষে বাড়ি ফেরার পথে ধস্তাধস্তি ও গোঙরানির শব্দ শুনে ঘটনাস্থলে যান। তাকে দেখে অভিযুক্ত খগেশ্বর পালিয়ে যান। পরে মঙ্গলী রানী ভুক্তভোগী শিশুটিকে কোলে করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় শিশুটির মা নিরতি রানী রায় বাদী হয়ে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত খগেশ্বর রায়কে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া বলেন, আসামীকে কাল রাতেই গ্রেফতার করা হয়েছে। আজ আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ