সিলেট

রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে সংবাদ সম্মেলন: সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবী

সিলেট নগরীর রায়নগরে বহুল আলোচিত ট্রিপল মার্ডার মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করা এবং মূল খুনিদের আড়াল করার গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছে নিহত এম এ সাত্তারের পরিবার। গ্রেপ্তারকৃত রংমিস্ত্রি বাবুল মিয়ার ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিকে ‘সম্পূর্ণ কাল্পনিক ও শেখানো বুলি’ আখ্যা দিয়ে তৎকালীন তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আলামত নষ্ট ও প্রকৃত অপরাধীদের রক্ষার গুরুতর অভিযোগ এনেছেন তারা। শনিবার দুপুরে নগরীর মিরাবাজারস্থ হোটেল সুপ্রীমে ‘নিহত এম এ সাত্তারের পরিবারবর্গ এবং ন্যায়বিচারপ্রার্থী শোকাহত জনতা’-র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়।

​সংবাদ সম্মেলনে দুটি অংশে বক্তব্য উপস্থাপন করা হয়। ১৯৯৫ সাল থেকে যুক্তরাজ্যে বসবাসরত নিহত এম এ সাত্তারের ছেলে আরিফ ইফতেখার (১১১ মিতালী আবাসিক এলাকা, রায়নগর) ১২ আগস্টের হত্যাকাণ্ডের পরবর্তী অংশ এবং নিহতের বিগত ১০ বছরের সহযোগী মুহম্মদ তৌহিদুল ইসলাম (পিতা- ইব্রাহীম মিয়া, শাপলা ২, জল্লারপাড়, পশ্চিম জিন্দাবাজার) হত্যাকাণ্ডের পূর্ববর্তী ভূমি বিরোধের বিস্তারিত দলিলিক প্রমাণ তুলে ধরেন।

এই বিভাগের আরও সংবাদ

​লিখিত বক্তব্যে মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, রিকাবীবাজার পুলিশ লাইন সংলগ্ন ‘লুসাই গির্জা সমিতি, সিলেট’-এর ভূমি দখল ও দুর্নীতির মামলায় সাক্ষ্য দেওয়ার জেরেই গত ১২ আগস্ট ২০২৬ তারিখে রায়নগরের নিজ বাসভবনে আবদুস সাত্তার (এম এ সাত্তার), তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগমকে নির্মমভাবে হত্যা করা হয়। বক্তব্যে জানানো হয়, ১৮/০১/১৯৯৭ তারিখে ১০১৩/১৯৯৭ নং রেজিস্টার্ড লিজনামার মাধ্যমে এম. এ. সাত্তার ও বাদী সেলিনা সুলতানা যৌথভাবে সিলেট মিউনিসিপ্যালিটি মৌজার ৪০০৯ নং এসএ দাগের অন্তর্গত ১৮০৬১ ও ১৮০৬২ নং বিএস দাগে ৭.৩৮ শতক এবং পরবর্তীতে ১০৩৪৯/৯৯, ১০৩৫০/৯৯ ও ২১৩৭১/১১ নং লিজ দলিলের মাধ্যমে সর্বমোট ১২.০০ শতক ভূমি লিজ নিয়ে ভোগদখলে থাকেন। কিন্তু ২৪/১২/২০০৬ তারিখে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম গোপনে ৫৬৪/৯৬ নং জাল আমমোক্তারনামা ব্যবহার করে লুসাই গির্জা সমিতির হস্তান্তর অযোগ্য মোট ৮০ শতক ভূমির বিষয়ে নিজের প্রতিষ্ঠান ‘ইম্পালস বিল্ডার্স লিমিটেড’-এর নামে ১৮৫২২/২০০৬ নং জাল দলিল সৃজন করেন এবং ১৫/১২/২০১২ তারিখে ১৩৮৪১ নং খতিয়ানে অবৈধভাবে নামজারি হাসিল করেন। পরবর্তীতে ২১/০৯/২০১৭ তারিখে ১৩৬/২০১৬ নং নামজারি রিভিউ মামলার মাধ্যমে ওই অবৈধ নামজারি বাতিল হয়। জাল দলিল বাতিলের দাবিতে এম. এ. সাত্তার ০৮/০২/২০১৫ তারিখে ‘স্বত্ব ২৩/২০১৫ নং’ (পরবর্তীতে ‘স্বত্ব ৬০/২০১৬’ ও ‘স্বত্ব ২১১/২০২৩’ নং এবং সিভিল রিভিশন ‘৭০/২০২৩ নং’) মোকদ্দমা দায়ের করেন।

​অন্যদিকে, ৩০/০৩/২০১৫ তারিখে ইম্পালস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহিউল ইসলাম চৌধুরী উক্ত ৮০ শতক ভূমি ও ‘ইম্পালস টাওয়ার’ বিক্রয়ের জন্য তৌহিদুল ইসলামের সাথে চুক্তি করলেও, এর পূর্বেই ৬২৭৫/২০০৯ নং দলিলে একই সম্পত্তি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের ‘সিলেট মার্ট লিমিটেড’-এর কাছে হস্তান্তর করেন এবং প্রায় ৩০০ প্রবাসীর কাছে তফসিলবিহীন চুক্তিতে দোকান ও ফ্ল্যাট বিক্রি করেন। এ ঘটনায় তৌহিদুল ইসলাম ০১/১১/২০১৬ তারিখে মামলা (সিআর নং- ১৩৬৩/২০১৬) করলে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম নিজে ১৬টিসহ তার বিরুদ্ধে মোট ২৯টি পাল্টা মামলা করেন। পেশার চরম অপব্যবহারের অভিযোগে সিরাজুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিলে দায়েরকৃত মামলার (কমপ্লেইন কেস নং- ০৮/২০২৫) শুনানি আগামী ১৪/০১/২০২৭ তারিখে নির্ধারিত রয়েছে।

এছাড়া, ১৮০৫৭ নং বিএস দাগের ভূমির মালিকানা নিয়ে হাজী শেখ হাসিনার দায়েরকৃত ‘স্বত্ব ১৫০/২০০৭ নং’ (পরবর্তীতে ‘স্বত্ব ৩৭/২০১২ নং’) মামলায় আদালত ইম্পালস বিল্ডার্সের ১৮৫২২/২০০৬ ও ১৪০৬২/২০০৫ নং দলিল দুটি অকার্যকর ঘোষণা করেন। হাইকোর্টে আপিল (নং- ৪৮৪/২০১৪) নামঞ্জুর হওয়ার পর ২৬/০১/২০২৫ তারিখে ‘১০/২০২৪ নং’ সিভিল রিভিউ মামলার মাধ্যমে সিরাজুল ইসলাম ৭০ লক্ষ টাকার বিনিময়ে বিষয়টি আপস-নিস্পত্তি করেন।

​সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, লুসাই গির্জা সমিতির চেয়ারম্যান জমিংথাংগা লুসাইয়ের স্বাক্ষর জাল করে নামজারির অভিযোগে ২৯/০৬/২০২১ তারিখে দুর্নীতি দমন কমিশন ‘দুদক জিআর নং- ০২/২০২১’ মামলা দায়ের করে। মামলার আসামিরা হলেন সিলেট সদর সাব-রেজিস্ট্রার মুজিবর রহমান পাটোয়ারী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ভূমি সহকারী কর্মকর্তা মো. আসবাহ উদ্দিন ও কানুনগো মলয় কর। উক্ত মামলায় এম. এ. সাত্তার, তৌহিদুল ইসলাম, জমিংথাংগা লুসাই ও এম. এ. করিমের সাক্ষ্যের ভিত্তিতে দুদক উপসচিব তারেক মোহাম্মদ জাকারিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে, যা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ৪, ৫, ১৬, ১৭ ও ১৮ ধারায় ‘কোতোয়ালী সিআর ১৩৬৪/২০২৩ নং’ ও ‘কোতোয়ালী সিআর ৮১৫/২০২৪ নং’ মামলা দায়ের করা হয়, যা বর্তমানে ডিবি, সিলেট পুনঃতদন্ত করছে। পাশাপাশি ‘কোতোয়ালী সিআর ২৩১/২০২৩নং’ ও ‘কোতোয়ালী সিআর ১২৬৯/২০২৩নং’ মামলাতেও এম. এ. সাত্তার সাক্ষী ছিলেন।

​লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, মামলা প্রত্যাহারের জন্য ২৫/০৪/২০১৬ তারিখে প্রাণনাশের হুমকি (জিডি নং- ১৩৪৭), ২৯/০১/২০২৫ তারিখে ‘আমিন হোসেন’ নামক সন্ত্রাসীকে সাথে নিয়ে রায়নগরের বাসায় গিয়ে এম. এ. সাত্তার, সেলিনা সুলতানা ও তার স্বামী রুহিন খানকে উদ্দেশ্য করে “তোর গলার রগ ছিঁড়িলাইমু” বলে প্রকাশ্যে হুমকি (জিডি নং- ৮৪২) এবং ১৮/০৫/২০২৫ তারিখে জজকোর্ট প্রাঙ্গণে হত্যার উদ্দেশ্যে আক্রমণ (কোতোয়ালী সিআর ১০৫৭/২০২৫ নং মামলা) চালান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
​

হত্যাকাণ্ডের পর প্রবাসী সেলিনা সুলতানার অভিযোগের প্রেক্ষিতে দায়েরকৃত ‘কোতোয়ালী জিআর ৩৯৭/২৬ নং’ মামলায় গ্রেপ্তার রংমিস্ত্রি বাবুল মিয়ার ১৬৪ ধারার জবানবন্দি এবং তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই শিপলু চৌধুরীর ভূমিকা নিয়ে আটটি অকাট্য প্রশ্ন ছুড়ে দেন নিহতের ছেলে আরিফ ইফতেখার। তিনি বলেন, বাবুল মিয়ার ভাষ্যমতে সে একাই ব্যালকনি দিয়ে প্রবেশ করে মাত্র ২৩ মিনিটের মধ্যে তিনজন মানুষকে খুন, নিজের শরীর ও ছুরির রক্ত পরিষ্কার, কিচেন রুমের কাপড় দিয়ে কাটা হাত বাঁধা, তিনটি আলমারির ৫-৬টি তালা ভেঙে জমির কাগজপত্র তল্লাশি এবং পুনরায় ব্যালকনি দিয়ে নিরাপদে পালিয়ে গেছে—যা একজন অশিক্ষিত ও অদক্ষ মানুষের পক্ষে আদৌ সম্ভব নয়। সিসিটিভি ফুটেজ অনুযায়ী সকাল ৯টা ২৭ মিনিট ১৫ সেকেন্ডে প্রবেশ করে ৯টা ২৮ মিনিট ১৮ সেকেন্ড থেকে ৯টা ৩৪ মিনিটের মধ্যে হত্যাকাণ্ড ঘটিয়ে বাবুল বাসায় থাকা ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬৮,০০০ টাকা ও পাউন্ড রেখে কেবল ১৫,০০০ টাকা নিয়ে ৯টা ৫০ মিনিটে ব্যালকনি দিয়ে পালিয়ে যায় বলে দাবি করা হলেও, ঠিক ওই সময় ঘটনাস্থলে ড্রাইভার সুভাষ বাবু, রংমিস্ত্রি সবুজ ও আলাল ওরফে ভুলাই, কাঠমিস্ত্রি শাহীন এবং তার সহযোগী শাহীন উপস্থিত ছিলেন। চারজন মানুষের চোখের সামনে দিয়ে কীভাবে বাবুল নিরাপদে পালালো, তা সম্পূর্ণ বানোয়াট ও কাল্পনিক গল্প।

​আলামত উদ্ধার নিয়ে পুলিশের চরম নাটকীয়তার অভিযোগ তুলে বলা হয়, ঘটনার দিন শতাধিক স্থানীয় লোকজনের উপস্থিতিতে দিনের আলোতে পাশের খালি প্লটে তল্লাশি চালিয়েও পুলিশ কোনো ছুরি পায়নি, অথচ পরদিন স্থানীয়দের অনুপস্থিতিতে ওই অরক্ষিত জায়গা থেকেই সাদা ব্যাগসহ ছুরি উদ্ধার দেখানো হয়। অথচ সিসিটিভি ফুটেজে বাসায় প্রবেশের সময় বাবুলের হাতে কোনো ব্যাগ বা ছুরি ছিল না। এছাড়া কাটা হাত দিয়ে নেওয়া কথিত ১৫,০০০ টাকায় রক্তের দাগ ছিল কি না তা তদন্ত কর্মকর্তা উল্লেখ করেননি এবং টাকাটি আলামত হিসেবে জব্দও করা হয়নি। সুরতহাল রিপোর্টের সাথে বাবুলের জবানবন্দির কোনো মিল নেই উল্লেখ করে বক্তব্যে বলা হয়, ভিকটিমদের আঘাতের ধরন প্রমাণ করে অত্যন্ত পেশাদার খুনি পেছন থেকে জড়িয়ে ধরে কলার বোনের ওপরের নরম অংশে ধারালো ছুরির আঘাতে প্রত্যেকের জুগুলার শিরা ও ক্যারোটিড ধমনী কেটে অতি সংক্ষিপ্ত সময়ে মৃত্যু নিশ্চিত করেছে। একসাথে তিনজনকে খুন করা হলেও কোনো প্রতিরোধ গড়া হয়নি এবং বাবুলের শরীরেও ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি।

​সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, বাবুলের সাথে এম. এ. সাত্তারের অত্যন্ত সুসম্পর্ক ছিল এবং ঘটনার ১৫-২০ দিন পূর্বেও তিনি সৌজন্য সাক্ষাৎ করে গেছেন। এসআই শিপলু চৌধুরীর শেখানো বুলি অনুযায়ী কিংবা বাবুলের স্ত্রী ও কন্যাকে জিম্মি করে চাপের মুখে এই জবানবন্দি আদায় করা হয়েছে কি না, সে প্রশ্ন তোলা হয়। তৎকালীন তদন্ত কর্মকর্তা শিপলু চৌধুরীর কার্যক্রম অত্যন্ত সন্দেহজনক ও অপেশাদার ছিল এবং আলামত নষ্ট করে প্রকৃত খুনিদের বাঁচানোর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করা হয়। পাশাপাশি, পুলিশ হেফাজতে বাবুলকে জিজ্ঞাসাবাদের ভিডিও কীভাবে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হলো, কোন পুলিশ সদস্য জনমত বিভ্রান্ত করতে তা ভাইরাল করলেন এবং পুলিশ কমিশনার ও বাবুলের বক্তব্যের ভিন্নতার পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তারও কঠোর তদন্ত দাবি করা হয়।

​হত্যাকাণ্ডের পর ২৫/০৮/২০২৬ তারিখে মামলার বাদী সেলিনা সুলতানার স্বামী রুহিন খানকে মামলা পরিচালনা না করার জন্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম হুমকি দেন এবং অজ্ঞাত ব্যক্তিরা বাদীর বাসায় প্রবেশের চেষ্টা করলে ০২/১০/২০২৬ তারিখে ১৬২ নং জিডি করা হয় বলে জানানো হয়। এর আগে ৩০/০৭/২০২৬ তারিখে ‘টাকা ০৩/২০২৩ মোকদ্দমা’-র শুনানি শেষে সিরাজুল ইসলাম এম. এ. সাত্তারকে “বড় ভাই, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিয়েন” বলে ক্ষমা চেয়েছিলেন এবং নিহতের আইনজীবী আজিজুর রহমান মানিকের কাছেও ক্ষমা চান। পরবর্তীতে সিরাজুল ইসলামের ছেলে আহমেদ মাহির ফয়সাল ফেসবুকে নিজস্ব ও বট আইডির মাধ্যমে মিথ্যা বক্তব্য এবং এআই (AI) নির্মিত ছবি ও ভিডিও ছড়িয়ে তদন্ত সংস্থাকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ করা হয়।

​সংবাদ সম্মেলনে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আরিফ ইফতেখার জানান, গণমাধ্যমকর্মীদের প্রচারিত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বাস্তব সত্য তুলে ধরতে তিনি একটি ভিডিও তথ্যচিত্র তৈরি করেছেন। নিহত স্বজনদের রক্তের শপথ নিয়ে তিনি বলেন, বর্তমান তদন্ত সংস্থা পিবিআই (PBI) সিলেট যেন দ্রুততম সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ট্রিপল মার্ডারের মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও প্রকৃত ঘাতকদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে।

সংবাদ সম্মেলনে নিহত গৃহকর্মী তাহমিনার মা ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ এবং সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ