জার্মানিতে পদার্থবিজ্ঞানে শিক্ষার্থী পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার মাহাজাবিন


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জার্মানির বার্লিনের খ্যাতনামা ফ্রিডরিখ এঙ্গেলস জিমনেসিয়ামের (Friedrich-Engels-Gymnasium) শিক্ষার্থী মাহাজাবিন আলম পদার্থবিজ্ঞানে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ (Schülerinnen- und Schülerpreis 2026) অর্জন করেছেন।
গত ১১ নভেম্বর জার্মানির একটি বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থার পক্ষ থেকে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের সনদে স্বাক্ষর করেছেন সংশ্লিষ্ট সংস্থার সভাপতি ও বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. আলেহান্দ্রো সায়েঞ্জ (Prof. Dr. Alejandro Saenz)।
মাহাজাবিন আলম ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়া এলাকার মাছারুল আলম ও লাকী আলমের সন্তান। তাঁর দাদা বিশিষ্ট শিক্ষক ও রামকানাই হাই একাডেমির সিনিয়র শিক্ষক এ কে মো. তাহের মাস্টার। শিক্ষানুরাগী পরিবারের সন্তান মাহাজাবিনের এ অর্জনে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, পদার্থবিজ্ঞানের মতো মৌলিক ও জটিল বিষয়ে বিশেষ কৃতিত্বের জন্য এ স্বীকৃতি মাহাজাবিনের শিক্ষাজীবনে একটি গুরুত্বপূর্ণ অর্জন। আন্তর্জাতিক পর্যায়ে এমন স্বীকৃতি তাঁর ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও বিজ্ঞানচর্চার পথচলায় অনুপ্রেরণা জোগাবে।
জার্মানির শিক্ষাঙ্গনে মাহাজাবিনের এ সাফল্যে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাঁরা তাঁর ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মময় পথচলার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।





