ময়মনসিংহ

চাঁদা না দেওয়ার হাতীর শুঁড়ের আঘাতে নান্দাইলের ফার্মাসি ব্যবসায়ীর মৃত্যু

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ হাতী দিয়ে চাঁদাবাজি করার সময় হাতির মালিককে চাঁদা না দেয়ায় ও এসব চাঁদা আদায়ের প্রতিবাদ করায় হাতি শুঁড় দিয়ে আঘাত করে মোঃ মাসুদুর রহমান মিস্টন (৪৫) নামে এক ফার্মেসি মালিককে। এই আঘাতে ফলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফার্মাসির মালিক মিস্টনের। মঙ্গলবার (০২ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় হাতি মালিককে আটক করেছে পুলিশ। আটককৃত হাতীর মালিকের নাম রিয়াজুল মোল্লা (২৬), তিনি গোলাপগঞ্জ সদর উপজেলার মৃত আসমত মোল্লার ছেলে। নিহত মো. মাসুদুর রহমান মিস্টন ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরাইল এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকা একটি ফার্মেসি চালাতেন।

স্থানীয়রা জানায়, গতকাল সোমবার (১ জুলাই) সন্ধ্যায় শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় হাতি দিয়ে দোকানে দোকানে চাঁদাবাজি করছিলেন রিয়াজুল মোল্লা। চাঁদাবাজির এক সময় মাসুদুর রহমানের ফার্মেসিতে চাঁদা চাইলে ফার্মেসি মালিক মাসুদুর রহমান চাঁদা দিতে রাজি না হয়ে হাতিকে আঘাত করলে হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারে।

এতে মাসুদুর রহমান গুরুতর আঘাত পেয়ে নাক ও কান দিয়ে রক্ত বের হতে শুরু করে। পরে তাকে স্থানীয় ও পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে মৃত্যু হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তাফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান, এ ঘটনায় হাতি ও হাতির মালিককে আটক করা হয়েছে। তবে নিহত মাসুদুর রহমান মিস্টনের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ