নান্দাইলে বাস চাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত অন্তত ১০


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা মিশ্রিপুর নামক স্থানে বাসের চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।
শুক্রবার সকাল ১১ ঘটিকায় উক্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে কেন্দুয়া উপজেলার মাসুদ মিয়া (৩৫) মিয়া নামের একজন নিহত হয়েছে। এছাড়া শিশু সহ আরো ১০ জন নারী-পুরুষ গুরুতর আহত হয়েছে। সড়ক দূর্ঘটনার খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের লোকজন এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
জানা যায়, ঢাকা থেকে যাতায়ত পরিবহন নামের একটি বাস নান্দাইল উপজেলার চৌরাস্তা মিশ্রিপুর নামক স্থানে অটোরিকশাকে পিছন থেকে চাপ দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় যাতায়াত প্রা: লি: এর ঢাকা মেট্রো-ব ১১-৭১৭১ নামক বাস আটক হলেও বাসের চালক পলাতক রয়েছেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মজিদ ঘটনার নিশ্চয়তা করেন এবং বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত একজনকে মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





