ময়মনসিংহ

পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সালামকে প্রধান আসামী করে নান্দাইলে মামলা

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে কলেজ ছাত্র মুরাদ হত্যার দুই দিন পর নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালামকে প্রধান আসামী করে মোট ১১ জনের নামে নান্দাইল মডেল থানায় নিহত মুরাদের পিতা তোফাজ্জল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। শনিবার (১জুন) রাতে তিনি এই মামলা দায়ের করেন। মামলায় ১১ জন নামসহ ৩/৪ জন অজ্ঞাতনামা আসামী করা হয়।

নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ মামলার বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান, সকল আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে, আসামী গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে।

মামলার এফআইআরভূক্ত আসামীরা হচ্ছেন, নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলার চন্ডিপাশা গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুস সালাম, আলাবক্সপুর গ্রামের আবুল কালামের ছেলে আশরাফুল আলম হামিম, চন্ডিপাশা গ্রামের আবুল মনসুরের ছেলে ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম। এছাড়াও পৌর সভার ৭নং ওয়ার্ডের নাদিম, মোফাজ্জল হোসেন, মুরাদ, মাজহারুল, মিজান, আমিন, লাবন, নিপুন আসামীদের তালিকায় রয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মে রাত ৮টার দিকে উপজেলার চন্ডিপাশা হাইস্কুল সংলগ্ন রাস্তায় আনারস প্রতীকের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত মুরাদ গুরুতর আহত হয়। পরে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংঙ্কা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে মুরাদের মৃত্যু হয়।

এ ঘটনার পর উত্তেজিত জনতা ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম সালামের অফিস ভাঙচুর করে। পরদিন শনিবার নিহত মুরাদের জানাজা নামাজ শেষে মুরাদের লাশ কাঁধে নিয়ে খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করেন উত্তেজিত জনতা।

এই বিভাগের আরও সংবাদ