বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

আনসার সদস্যদের সর্তক পাহারার কারণে একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন কয়েক’শ ট্রেন যাত্রী। ময়মনসিংহ-জারিয়া রেলপথের পূর্বধলা উপজেলার ৩৫৯/১ ব্রিজ নং-১৭ বালুঘাটা সেতুর উপর রেললাইনের কাঠের স্লিপার আটকানোর দুই পাশের ৪০টি পিন খুলে নিয়ে গেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (২ জানুয়ারি) ভোররাতের কোন এক সময় দূর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে রেললাইনের স্লিপার আটকানো ক্লিপ গুলি খুলে নিয়ে গেছে।
পূর্বধলা রেলস্টেশনের বুকিং সহকারি আব্দুল মোমেন জানান রেললাইনের পাহারারত আনসার সদস্যরা ইউএনওকে খবর দেয়, পরে ইউএনও রেলকর্মীদেরকে খবরটি জানায়। খবর পেয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল হাসান ও রেলওয়ের কর্মকর্তারা ঘটনা স্থলে ছুটে যান।
ইউএনও জানান তিনি দায়িত্বরত আনসার সদস্যদের মাধ্যমে খবর পেয়ে রেলকর্তৃপক্ষের লোকজন নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং রেললাইনের ৪০টি ক্লিপের মধ্যে ১০টি ক্লিপ লাগানোর পর সর্তকতার সঙ্গে সকালের জারিয়াগামী লোকাল ট্রেনটি পাস হয়। তবে বাকি ক্লিপগুলো লাগানোর কাজ করতে হবে।





