রাজনীতি

সীমান্তে বিজেপি-আ. লীগের যৌথ ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের সীমান্তে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে সভা-সমাবেশ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একই সঙ্গে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন চুক্তি বা নবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এক বিক্ষোভ-পরবর্তী সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, বাংলাদেশের নদী নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন কোনো চুক্তি হবে কি না, কিংবা চুক্তিটি নবায়ন করা হবে কি না, তা এখনো জানা যায়নি। পানিসম্পদমন্ত্রী দুটি চিঠি পাঠিয়েও ভারতের কোনো জবাব পাননি বলে জানিয়েছেন। এর মাধ্যমে পদ্মাপাড়ের মানুষকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র চলছে। তিস্তাপাড় শুকিয়ে উত্তরবঙ্গ ধ্বংসের পরিকল্পনা করছে ভারত।

বিএনপি সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গত আট মাসে বিচার কার্যক্রম স্থবির ছিল। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে দলটির টাকা ও ভোটব্যাংক নিয়ে বিএনপি নির্বাচনে জয়ী হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এখন আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বে কোনো লড়াই হবে না। গত ১৬ বছরে আওয়ামী লীগকে ঠেকাতে দলটি ব্যর্থ হয়েছে। এখন সরকারে থেকেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল ও দলটিকে নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনার বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের দাবিও জানান তিনি। পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের ঐক্য ফিরিয়ে এনে সংস্কার বাস্তবায়নে জনগণকে আবারও রাজপথে নামার আহ্বান জানান।

এর আগে আলুপট্টির মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে রাজশাহী জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়সহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ