নোয়াখালী

বড় বোনের ধর্ষক গ্রেপ্তার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন তরুণের বিরুদ্ধে। এ সময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুই আসামি পলাতক রয়েছেন।

গত ২০ অক্টোবর এ ঘটনা ঘটে। সম্প্রতি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ২৩ নভেম্বর কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহার অনুযায়ী, মো. শিপন (২২), সাইফুল ইসলাম (২৩) ও মোছলে উদ্দিন (২৪) এ ঘটনায় জড়িত।

এই বিভাগের আরও সংবাদ

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, প্রায় এক মাস ধরে মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ করছিলেন তিনি। পরে ২২ নভেম্বর ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার খবর পেয়ে মেয়ের কাছ থেকে ঘটনা জানতে পারেন। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রধান আসামি শিপনকে আটক করে পুলিশে দেওয়া হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, গ্রেপ্তার শিপন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কিশোরীর জবানবন্দিও আদালতে রেকর্ড করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বড় বোনের ধর্ষক এখনো গ্রেপ্তার হয়নি
নির্যাতিত কিশোরীর বড় বোনও ২০১২ সালে ধর্ষণের শিকার হন। তিনি বাক্‌প্রতিবন্ধী। ওই ঘটনায় করা মামলায় গত বছরের ডিসেম্বরে রাজীব হোসেন নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি বর্তমানে বিদেশে রয়েছেন বলে পরিবারের ধারণা। ওই ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির একটি সন্তান রয়েছে, যার বয়স প্রায় ১৩ বছর।

কিশোরীর বাবা বলেন, ধর্ষণের শিকার তার মেয়ে পরে এক ছেলের জন্ম দিয়েছেন। ছেলেটির বয়স এখন প্রায় ১৩ বছর। তবে মামলার আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। গত বছরের ডিসেম্বরে মামলার রায়ে ওই যুবকের যাবজ্জীবন সাজা হয়। তবে তিনি শুনেছেন, আসামি বর্তমানে বিদেশে রয়েছেন। বড় মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এখন ছোট মেয়েও ধর্ষণের শিকার হওয়ায় নতুন করে মামলা চালানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, আগের ঘটনার বিষয়ে তার জানা ছিল না। দ্বিতীয় ঘটনায় মামলা হওয়ার পর জেনেছেন। আগের মামলার সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ