সাবেক এমপির বাড়িসহ ৪ বাড়িতে আগুন, যুবদল নেতা জখম


নেত্রকোণার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িসহ অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টা থেকে ১১টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
রোববার (২৯ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে উপজেলার পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা আবু বকর রানাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়দের দাবি, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের টহল দেখে পালিয়ে যাওয়ার সময় রানার ওপর হামলা চালান।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন উপজেলার বড়রুহী গ্রামে অভিযুক্ত যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেন।
এর কিছুক্ষণ পর বিশকাকুনী ইউনিয়নের ধলা যাত্রাবাড়ী গ্রামে কারাবন্দী সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এতে বাড়িটির পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ছাড়া একই ঘটনার ধারাবাহিকতায় আহমদ হোসেনের বড় ভাই আমজাদ হোসেনের বাড়িতে ভাঙচুর চালানো হয়। কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাশার খান এবং যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রশীদ খান জুয়েলের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বলেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনা সম্পর্কে অবগত হলেও অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, তা তিনি জানেন না। দলের নেতা-কর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দেয়া হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মারামারি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





