পলাশবাড়ী ৩১ শিক্ষার্থীকে সংবর্ধনা, বিদায় ১৩৪ জনের


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৩১ শিক্ষার্থীকে সংবর্ধনা এবং ২০২৬ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণির ১৩৪ শিক্ষার্থীকে বিদায় জানানো হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুর। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপপরিচালক আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সহকারী পরিচালক আমিনুল ইসলাম মন্ডল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার দাসসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার। প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের মূল ভিত্তি। শিশুদের মেধা ও মনন বিকাশে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।





