অর্থনীতি

রাতে মার্কেট-দোকান খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

সপ্তাহে তিন দিন রাত ১০টা এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মার্কেটে সোলার প্যানেল স্থাপনে ৫ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে সরকার।

রবিবার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপন করতে চায়, সরকার তাদের ৫ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে। সোলার প্যানেলের মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এরপরও নিম্নমানের সোলার প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে হবে।

বৈঠকে সারাদেশে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি তুলে ধরে দোকান মালিক সমিতি। তাদের দাবি, প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। গড় হিসাবে একজন গ্রাহক বছরে এক হাজার ৯৫ বার এ সমস্যার শিকার হচ্ছেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

এ ছাড়া প্রিপেইড মিটারে রিচার্জ করা অর্থের চেয়ে কম টাকা প্রদর্শন, বিভিন্ন চার্জ কর্তন এবং মিটার ভাড়া আদায়ের বিষয়েও আলোচনা হয়। সমিতির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রী রিচার্জ করা অর্থই মিটারে প্রদর্শনের আশ্বাস দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পাশাপাশি সার্ভিস লাইনের তার চুরির কারণে গ্রাহকদের আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরে সমিতি। এ ধরনের চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

এই বিভাগের আরও সংবাদ