২০২৩ সালে অবসর নিলেও এখনো পেনশন পাননি শ্বশুর, জানালেন হাসনাত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর শ্বশুর ২০২৩ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। অবসরের এতদিন পরেও তিনি এখনো পেনশনের অর্থ পাননি বলে অভিযোগ তুলেছেন হাসনাত আব্দুল্লাহ।
আজ বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম হলে ‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে অভিযোগ তুলেন। অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমার শ্বশুর ২০২৩ সালে রিটায়ারমেন্টে (অবসরপ্রাপ্ত হয়েছেন) আসছেন, এখন প্রায় ২০২৭ সাল চলে আসছে। উনার হয়তো ধারণা যে, আমার ঘরে এমপি থাকার পরেও আমি টাকাটা (পেনশনের) পাই না।”
তিনি বলেন, “বাস্তবতা নির্মম বাস্তবতা। উনি মূলত নিরহ প্রকৃতির এবং মাধ্যমিক পর্যায়ের ইংরেজি শিক্ষক ছিলেন। আমি নিজ থেকে দেখি তো। উনার সম্মানজনক জীবন পরিচালনা করার জন্য মনে হচ্ছে যে, উনি রাষ্ট্রের কাছে অনুদান চাচ্ছেন।”
এই এনসিপি নেতা আরও বলেন, “উনাদের (শিক্ষক) নিজেদের জমানো টাকা এটা। নিজের বেতন থেকে সারাটা জীবন দিয়ে দিয়ে সরকারকে দিয়েছে। সরকার এটা থেকে বিভিন্ন ব্যয় নির্বাহ করেছে। এরপর আজকে যখন উনারা রিটায়ারমেন্টে আসছে, উনাদেরকে দেওয়ার বেলায় টাকা নাই।”
হাসনাত আব্দুল্লাহ শিক্ষকদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনাদের টাকা দিয়ে কিন্তু অন্যদের পেনশন হয়, আপনাদের টাকা দিয়ে কিন্তু রাষ্ট্রের অন্যান্য খরচ চলে। কিন্তু আপনাকে দেয়ার সময় টাকা নাই।”





