হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, ফিরলে তাকে আইনের আওতায় আসতে হবে।
এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মো. সেলিম উদ্দিনসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সফরকালে জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন। দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়। দুদেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তারা।
প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশিরা আমীরে জামায়াতের প্রোগ্রামে অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন। দেশের উন্নয়নে তারা আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে ২০ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে ঢাকা ত্যাগ করেন জামায়াত আমির। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি ও মুহাম্মদ নজরুল ইসলাম।





