নওগাঁ

মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগো যুক্ত ২২ হাজার ২০ কেজি চাল জব্দ,মামলা দায়েরের নির্দেশ

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে একটি চালকলের গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় চালের মালিক মোঃ মিলন হোসেন এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার স্বরুপপুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।

এই বিভাগের আরও সংবাদ

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বরুপপুর মোড়ের দক্ষিণ পাশে অবস্থিত একটি চালকলের গুদামে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৩০ কেজি ওজনের ৭৩৪ বস্তা চাল মজুদ রাখা হয়েছিল। অভিযান চালিয়ে এসব বস্তায় মোট ২২ হাজার ২০ কেজি চাল পাওয়া যায়। জব্দ করা চালগুলো ওই এলাকার বাইরে চৌমাশিয়া মোড় (নওহাটা) এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মিলনের বলে জানা গেছে।

অভিযান শেষে গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়। একই সঙ্গে চালের মালিক মিলনের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে বাদী করে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন ইউএনও।

এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ বলেন,চালের পরিমাণ বেশি হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়নি। চালগুলো জব্দ করা হয়েছে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে বাদী হয়ে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত এসব চাল কীভাবে ওই গুদামে মজুদ করা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।

এই বিভাগের আরও সংবাদ