মোংলায় জাল টাকাসহ আটক-১


সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় জাল টাকাসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের প্রধান বাজার এলাকা থেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি পটুয়াখালীর বাউফলের দাসপাড়া এলাকার মোঃ ফখরুল ইসলাম (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার দুপুরে পৌর শহরের প্রধান বাজার এলাকার মোঃ হাবিবুর রহমানের পানের দোকানে ১ হাজার টাকার একটি জাল নোট ভাঙ্গাতে যান ফখরুল। দোকানদার নোটটি জাল বুঝতে পেরে তাকে ফেরত দেন। এর কিছুক্ষণ পর ফখরুল বাজারের আব্দুল সাত্তার নামের এক ভিক্ষুককে প্রথমে ২০ টাকা দিয়ে, তার কাছ থেকে ১ হাজার টাকার আরেকটি জাল নোট ভাঙ্গিয়ে নেয়। দূর থেকে পান দোকানদার বিষয়টি নজরে নেয় বাজারের লোকজনকে জড়ো করেন। পরে তারা ফখরুলকে আটকে রেখে পুলিশে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাল টাকাসহ তাকে আটক করেন।
জিজ্ঞাসাবাদে ফখরুল স্বীকার করেন, মোট ৯ হাজার টাকার জাল নোট ভাঙ্গানোর জন্য ঘুরছিলেন এবং ভোলায় অবস্থানরত মোঃ আলাউদ্দিন নামের আরেক কারবারি তাকে এই জাল টাকা সরবরাহ করেছেন। তিনি গত কয়েক মাস ধরে বিভিন্ন স্থানে এই জালিয়াতি করে আসছেন বলে স্বীকার করেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আটক ফখরুলের কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া তার বিরুদ্ধে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও মাদারীপুরে জাল নোট কারবারের অভিযোগে আরও চারটি মামলা রয়েছে।





