ঘোড়াঘাটে যৌথ অভিযানে ১৩০ কেজি প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার, আটক ১

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৩০ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়েছে। এ সময় মো. মোমিন ইসলাম (৪৪) নামে একজনকে আটক করা হয়। উদ্ধার করা নিদর্শনের আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ টাকা।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার রানীগঞ্জ সংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমান্তের ছত্রা বাজারের পাশে জনবসতিহীন একটি টিনের ঘরে এ অভিযান চালানো হয়।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীর নেতৃত্বে ৩০ সদস্যের বিজিবি দল ও ঘোড়াঘাট থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় ৯০ কেজি ওজনের একটি বেলেপাথরের শিলাখণ্ড, ২০ কেজি কষ্টিপাথরের খণ্ড এবং ২০ কেজি ওজনের একটি শিবলিঙ্গের খণ্ড উদ্ধার করা হয়।
আটক মোমিন ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের মৃত আব্দুর রইস উদ্দিনের ছেলে। তাঁকে পীরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা নিদর্শনগুলোর প্রত্নতাত্ত্বিক সত্যতা যাচাইয়ে পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেওয়া হবে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।





