অবহেলায় ধ্বংসের মুখে দেশের প্রথম কুষ্টিয়ার জগতি রেলস্টেশন


কুষ্টিয়া প্রতিনিধি: দেশে প্রথম রেল যোগাযোগের ইতিহাসের সূচনা হয়েছিল কুষ্টিয়ার জগতি রেলস্টেশন থেকে। ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা থেকে জগতি পর্যন্ত ৫৩ দশমিক ১১ কিলোমিটার রেলপথ চালুর মধ্য দিয়ে বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে রেল চলাচল শুরু হয়। সেই হিসাবে ১৬৪ বছরের ইতিহাসের সাক্ষী এই স্টেশন। তবে দীর্ঘ ইতিহাস থাকলেও বর্তমানে স্টেশনটির অবস্থা বেহাল। জরাজীর্ণ ভবন, বন্ধ টিকিট কাউন্টার, জনবলসংকট ও সীমিত ট্রেন চলাচলে ব্যাহত হচ্ছে যাত্রীসেবা। এর মধ্যে গতকাল ১৫ নভেম্বর জাতীয় রেল দিবসেও স্টেশনটিতে ছিল না কোনো আয়োজন।
সোমবার (১৬ নভেম্বর) সরেজমিনে জগতি রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ঐতিহাসিক দ্বিতল ভবনের দেয়ালের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল। ছাদের কংক্রিট ও পলেস্তারা খসে পড়ছে। ছাদ ও দেয়ালের ফাঁকে জন্মেছে গাছপালা। কোথাও পলেস্তারা উঠে ইট বেরিয়ে গেছে। ভবনের দ্বিতীয় তলার ছাদের বিমও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
স্টেশনের অন্য স্থাপনাগুলোর অবস্থাও ভালো নয়। যাত্রীদের অপেক্ষাকক্ষটি ভেঙে পড়েছে। প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত। একসময় বাষ্পচালিত ইঞ্জিনে পানি সরবরাহের কাজে ব্যবহৃত ঐতিহাসিক পানির ট্যাংকটিও ভঙ্গুর অবস্থায় রয়েছে। পুরোনো অফিসকক্ষগুলোর বেশির ভাগ তালাবদ্ধ ও পরিত্যক্ত।
স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ। ফলে সেখান থেকে টিকিট সংগ্রহের সুযোগ নেই যাত্রীদের। স্টেশন মাস্টারের কক্ষেও নিয়মিত কার্যক্রম চলে না। কাগজে-কলমে প্রয়োজনীয় জনবল থাকার কথা থাকলেও বাস্তবে কর্মরত আছেন মাত্র দুজন গেটম্যান—আব্দুর রাজ্জাক ও সাজ্জাদ হোসেন।
একসময় এই স্টেশনে ২৬ জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করতেন। সময়ের সঙ্গে কমতে কমতে জনবল এখন হাতেগোনা কয়েকজনে এসে ঠেকেছে। দুই স্টেশন মাস্টারের একজন মিজানুর রহমান বর্তমানে চুয়াডাঙ্গায় কর্মরত। অন্যজনও জগতি স্টেশনে দায়িত্ব পালন করছেন না।
স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ‘জগতি স্টেশনের অবস্থা খুবই জরাজীর্ণ। ভবনগুলো অনেক পুরোনো। কাগজে-কলমে এখানে অনেক স্টাফ থাকার কথা। কিন্তু আমি বর্তমানে চুয়াডাঙ্গায় দায়িত্ব পালন করছি। জগতি স্টেশনের দায়িত্ব এখনো কাউকে দেওয়া সম্ভব হয়নি।
গেটম্যান সাজ্জাদ হোসেন বলেন, ‘যাত্রী ওঠানামার সময়টুকু ছাড়া স্টেশনটি কার্যত বন্ধ থাকে। বর্তমানে এখানে দিনে ছয়বার ট্রেন থামে। কিন্তু স্টেশনের স্বাভাবিক কার্যক্রম নেই।
বর্তমানে জগতি স্টেশনে কয়েকটি লোকাল ও কমিউটার ট্রেন থামে। এর মধ্যে রয়েছে গোয়ালন্দ কমিউটার-২, গোয়ালন্দ কমিউটার-৩, গোয়ালন্দ কমিউটার-৪ ও নকশিকাঁথা। তবে কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। ফলে দেশের প্রথম রেলস্টেশন হয়েও উন্নত রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় যাত্রীরা।
এদিকে স্থানীয়রা জানান, রেল দিবসেও আয়োজন ছিলো না। প্রতিবছর ১৫ নভেম্বর জাতীয় রেল দিবস পালন করে বাংলাদেশ রেলওয়ে। ২০২০ সাল থেকে দিবসটি উদযাপন করা হচ্ছে। অথচ যে স্টেশনকে কেন্দ্র করে বাংলাদেশের রেল যোগাযোগের ইতিহাসের সূচনা, সেই জগতি স্টেশনেই দিবসটি উপলক্ষে কোনো আয়োজন ছিল না।
এ বিষয়ে জানতে চাইলে পাকশীর সহকারী পরিবহন কর্মকর্তা-২ (এটিও) বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। বিস্তারিত জানতে বিভাগীয় ব্যবস্থাপকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
পাকশীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, ‘বিষয়টি বিস্তারিত জেনে আপনাকে জানাতে পারব।
স্থানীয় বাসিন্দাদের কাছে জগতি রেলস্টেশন শুধু একটি যাতায়াতের স্থান নয়, এটি তাঁদের স্মৃতি ও আবেগের অংশ। একসময় এই স্টেশনকে কেন্দ্র করে মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের নানা স্মৃতি তৈরি হয়েছিল।
স্থানীয় বাসিন্দা খোকন বলেন, ‘আমরা যখন কলেজে পড়তাম, তখন সন্ধ্যার দিকে যে লোকাল ট্রেনটি আসত, সেটিতে করে ১০-১২ জন বন্ধু মিলে দর্শনায় বেড়াতে যেতাম। ট্রেনটি ঘুরে আবার ফিরে আসত। আমরাও দর্শনা ঘুরে সেই ট্রেনেই জগতি স্টেশনে ফিরে আসতাম। এখন সেই দিনগুলো শুধু স্মৃতি।’
স্থানীয় বাসিন্দা রাব্বি বলেন, ‘দেশের প্রথম রেলস্টেশনটির এমন বেহাল অবস্থা সত্যিই দুঃখজনক। আমরা চাই, আধুনিক পরিকল্পনার মাধ্যমে স্টেশনটির উন্নয়ন করা হোক। দেশের প্রথম রেলস্টেশন হিসেবে এর ঐতিহ্য ধরে রাখতে যা যা প্রয়োজন, সবকিছু করা হোক।
আরেক বাসিন্দা তপু বলেন, ‘স্টেশনের ভবনগুলো ভেঙে পড়ছে। দ্বিতীয় তলার ছাদের বিম ও পলেস্তারা নষ্ট হয়ে গেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।’
সচেতন নাগরিক সমাজের মজিবুল শেখ বলেন, ‘১৬৪ বছর আগে যে স্টেশন থেকে বাংলাদেশের রেলযাত্রার ইতিহাস শুরু হয়েছিল, সেই স্টেশনই আজ নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। জাতীয় রেল দিবসে জগতির এই বেহাল দশা যেন ইতিহাসের প্রতি আমাদের অবহেলারই এক জীবন্ত দলিল।
সংরক্ষণের আশ্বাস প্রশাসনের, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান বলেন, ‘জগতি রেলস্টেশন শুধু কুষ্টিয়ার নয়, এটি দেশের রেল যোগাযোগের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। প্রায় তিন সপ্তাহ আগে রেলওয়ের সচিব স্টেশনটি পরিদর্শনে এসেছিলেন। স্টেশনটির উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু নামমাত্র সংস্কার নয়, স্টেশনটির মূল স্থাপত্য ও ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে পূর্ণাঙ্গ সংস্কার করতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত সংস্কার, প্রয়োজনীয় জনবল নিয়োগ, টিকিট কাউন্টার ও যাত্রীসেবা চালু এবং আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে।
১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা থেকে জগতি পর্যন্ত রেলপথ চালুর মধ্য দিয়ে বর্তমান বাংলাদেশের রেল যোগাযোগের যাত্রা শুরু হয়েছিল। ২০২০ সালে রেলওয়ের ১৫৮ বছর পূর্তি উপলক্ষে প্রথমবার জাতীয় রেল দিবস উদযাপন করা হয়। কিন্তু রেল যোগাযোগের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ স্থাপনাটির বর্তমান অবস্থা নিয়ে স্থানীয়দের প্রশ্ন, ইতিহাসের সাক্ষী স্টেশনটি সংরক্ষণে কার্যকর উদ্যোগ কবে নেওয়া হবে?





