পটুয়াখালী

রাঙ্গাবালীতে প্রবহমান খালে বাঁধ দেয়ার চেষ্টা, প্রতিবাদে জেলে-কৃষকদের মানববন্ধন

এম এ ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের যুগির হাওলা গ্রামের কাউনিয়া স্লুইসের খাল বাঁধ দেওয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও জেলেরা। বৃহস্পতিবার দুপুরে খালের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী নীল গাজী, সোহেল গাজী, মনির গাজী ও অহিদুল গাজী খালটির একাংশ বন্দোবস্ত নেওয়ার দাবি করে বাঁধ দিয়ে মাছের ঘের করার চেষ্টা করছেন। খালের জমির মালিকানা দাবি করে গত তিন বছরে খাল সংলগ্ন ঘের মালিকদের কাছ থেকে বছরে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। গত বছর খালে বাঁধ দেওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তা কেটে দেন। এবারও বাঁধ দেওয়ার হুমকি দিচ্ছে প্রভাবশালী এই চক্র। গত দুই দিন ধরে জেলেদের ট্রলার সরিয়ে নিতে বলা হচ্ছে বলেও জানান তারা।

স্থানীয়রা জানান, খালটির দুই পাশে প্রায় ৪০০ একর কৃষিজমি রয়েছে। জোয়ার-ভাটার পানি ওঠানামার পাশাপাশি কৃষিজমির পানি নিষ্কাশন, জেলেদের ট্রলার নোঙর এবং মাছের ঘেরে পানি সরবরাহে খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খালটি বন্ধ হলে জলাবদ্ধতাসহ কৃষক, জেলে ও মৎস্যচাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই খালটি উন্মুক্ত রেখে খননের দাবি জানান তারা।

অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্তদের মধ্যে অহিদুল গাজী বলেন, খালটি রেকর্ডীয় সম্পত্তি, সরকারি খাসজমি নয়। ওই এলাকায় তার ১৮ কানি জমিতে তরমুজ চাষের জন্য সাময়িক বাঁধ দেবেন এবং চাষ শেষে তা কেটে দেবেন। এ বিষয়ে মানববন্ধনকারীরা ইউএনওর কাছে অভিযোগ করেছে। ইউএনও সরেজমিনে পরিদর্শনে যাবেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান বলেন, জোয়ার-ভাটার পানি প্রবাহ রয়েছে- এমন খালে বাঁধ দেওয়ার সুযোগ নেই। কেউ এমন চেষ্টা করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ