রাঙ্গাবালীতে আগাম তরমুজ চাষের আশায় অনাবাদি ১০ হেক্টর জমি

এম এ ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার: আমনের ভরা মৌসুম চলছে, দিগন্ত জুড়ে সবুজের সমারোহ। চোখ যত দূর যায় আমন ধানের সবুজ পাতা বাতাসের সাথে দুলছে যা দেখে হৃদয় জুড়ে যায়। তবে এ দৃশ্য দিন দিন কমে যাচ্ছে। অল্প সময় অধিক লাভের আশায়,আমনের পরিবর্তে তরমুজ চাষের প্রতি আগ্রহী হচ্ছে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ওঠা দীপঞ্চলের কৃষকরা ।
পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলা তরমুজের দ্বীপ নামে পরিচিত হওয়ায় সারাদেশে এ অঞ্চলের তরমুজের সুনাম রয়েছে। প্রতি বছরের মত আগাম তরমুজ চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। ভালো ফলন ও লাভজনক হওয়ায় নতুন চাষীও বেড়েছে বেশ।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ ফসলি জমি এখনো চাষাবাদ ছাড়াই ফাকা পড়ে আছে। বিশেষ করে উপজেলার ছোটবাশদিয়া ইউনিয়নের কাউখালী চর গহীনখালি ও বড়বাইশদিয়া এবং চার মোন্তাজ ইউনিয়নের তরমুজ চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা।
সাধারণত ডিসেম্বরে আমন ধান তোলার পর জানুয়ারি থেকে তরমুজের আবাদ শুরু হয়। ফলন আসে এপ্রিলে। তবে অতি লাভের আশায় এ বছর কৃষকরা আমন ধান চাষ না করে অনাবাদি রেখেছেন জমি। যার কারণে আমন উৎপাদন কমেছে চোখে পড়ার মতো।
গহিনখালী চরের কৃষক মো নিজাম হাওলাদার বলেন, আমন ধান চাষ করলে কাটতে দেরি হবে। এরপর জমি প্রস্তুত করে তরমুজ চাষ করতে গেলে তরমুজের আগাম মৌসুম পেরিয়ে যাবে। এতে করে আগাম তরমুজ বাজারজাত করে ভালো দাম পাওয়ার সুযোগ কমে যায়। এ কারণেই তারা ঝুঁকি নিয়ে জমি অনাবাদি রেখেছেন,যাতে করে আগাম তরমুজ চাষ করে মুনাফা পেতে পারে।
উপজেলা ছোটবাইদিয়া ইউনিয়নের কাউখালী চরের চাষী মোহাম্মদ শহিদুল ইসলাম রাড়ি বলেন, আগাম তরমুজ চাষের জন্য নভেম্বর মাসের মধ্যেই জমি প্রস্তুত করতে হয়। আমন ধান থাকলে, ধান কাটা ও জমির প্রস্তুত করতে গিয়ে তরমুজ চাষ পিছিয়ে যায়। ফলে আগাম তরমুজের পরিবর্তে মৌসুমী তরমুজ চাষ করতে হয়। এতে বাজারের তুলনামূলক কম দাম পাওয়ার আশঙ্কা থাকে তাই তারা জমি অনাবাদি রেখেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান বলেন, চলতি মৌসুমে রাঙ্গাবালী উপজেলায় ২৯ হাজার ১শত ৬০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।তবে কৃষকরা আগাম তরমুজ চাষের পরিকল্পনা মাথায় রেখে প্রায় এক হাজার হেক্টর জমিতে আমন আবাদের আওতায় আসেনি।সাধারণত ছোটবাইশদিয়া ও চরমোনন্তাজ ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে প্রতি বছরই আগাম তরমুজ চাষ করে থাকে। তরমুজ একটি উচ্চমূল্য ফসল। ফলে কৃষকরা আগাম চাষ করে লাভবান হতে পারে সে লক্ষ্যে তারা এগুলো চাষ করে।



