শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শকসহ ৮ জন আহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ভাগ্যকুল সড়কের জমজম টাওয়ারের সামনে মুন্সীগঞ্জ-১ আসনের এমপি শেখ মো. আব্দুল্লাহ ও বিএনপির কেন্দ্রেীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর নেতার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জমজম টাওয়ারের সামনে জড়ো হচ্ছিল কেন্দ্রেীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সমর্থকরা। জমজম টাওয়ারের সামনে থেকে ডাকবাংলো পর্যন্ত তাদের পূর্বনির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিল।
এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের এমপি শেখ মো. আব্দুল্লাহর কয়েকজন অনুসারী লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে করে অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে।
আহতদের মধ্যে উপজেলার বীরতারা এলাকার অহিদুল ইসলাম খোকন মেম্বার (৫২), রাহাত চোকদার (২৮), জসিম দেওয়ান (৪০), বাবুল খান (৪৫) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদিন শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় র্যাব ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।



