মুন্সিগঞ্জ

শ্রীনগরে দেবরের ছুরিকাঘাতে আহত ভাবির মৃত্যু

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামের প্রবাসী হরি আচার্যের স্ত্রী রিতা ভট্টাচার্যকে রান্না করার সময় এলোপাথারী কুপিয়ে জখমের ৫দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যার দিকে ঢাকা ধানমন্ডীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রিতা ভট্রাচার্য (৪৫) মারা যান। সে দুই কন্যাসন্তানের জননী।

অভিযোগ উঠেছে গত ১৩ আগস্ট বেলা সাড়ে ১১টার পর তারই মাদকাসক্ত দেবর রুহি আচার্য ভাবি রিতা ভট্রাচার্যকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে আহত করে। এঘটনার পর শ্রীনগর থানায় মামলা দায়ের হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত রুহি আচার্য ভাগ্যকুল হাইস্কুল রোডে দর্জি দোকান চালালেও দীর্ঘদিন ধরে ইয়াবা আসক্ত হওয়ায় ঠিকমতো ব্যবসায় মনোযোগী ছিলেন না। বহুদিন ধরেই আলাদা সংসার ও আলাদা বাড়ি হলেও রুহি আচার্য সাম্প্রতিক সময়ে তার ভাবির নিকট থেকে ৭০ হাজার টাকা ধার নিয়ে তা পরিশোধ করেনি। ওইদিন রক্তাক্ত জখমের পর প্রথম দিকে দেবর রুহি আচার্যও আহত ভাবির সাথে হাসপাতালেই ছিলো। পরে তার সম্পৃক্ততার বিষয়টি ফাঁস হয়ে গেলে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি।

ভাগ্যকুলের গকুল বর্মন জানায়, ওইদিন রুহি আচার্যকে হরি আচার্যের বাড়ি থেকে বের হয়ে বালুতে রক্তাক্ত হাত মুছতে দেখেন। জানতে চাইলে কিছু না বলেই রুহি আচার্য দ্রæত চলে যায়। রুহি আচার্যের স্ত্রীও স্বীকার করেন যে, তার স্বামী ওই সময় ভেজা কাপড়ে ঘরে এসে দ্রæত কাপড় বদল করে চলে যায়। এলাকাবাসীও সন্দেহ করছে ওইদিন দেবর রুহি আচার্যই তার ভাবিকে ছুরিকাঘাত করেছে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা জানান, আহত ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসবে।

এই বিভাগের আরও সংবাদ