সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের ঠাকুর হালদার (৭০) এবং কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের সিএনজিচালক আশিক আহমেদ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাছ ধরার জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণু হালদার। পরে তারা কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন।
পথে বহুতি বটতলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক আশিক আহমেদ ও যাত্রী ঠাকুর হালদার নিহত হন।
এ সময় আহত হন ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ দুটি নিয়ে যান। এ ব্যাপারে এখনো থাকায় কোনো অভিযোগ করেনি কেউ।



