সিরাজগঞ্জে উদ্ধার ৫৩ হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
শনিবার (২২ আগস্ট) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের নির্দেশনায় জেলা পুলিশের আইসিটি ও সাইবার ট্র্যাকিং সেল প্রযুক্তিগত সহায়তায় বিভিন্ন থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধারে অভিযান পরিচালনা করে। অভিযানের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
দীর্ঘদিন পর নিজেদের হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মালিকরা। অক্ষত অবস্থায় ফোনগুলো উদ্ধার করে ফেরত দেওয়ায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারের পাশাপাশি প্রযুক্তিনির্ভর পুলিশি সেবার প্রতি জনসাধারণের আস্থা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



