পরিবেশ সুরক্ষায় ঈশ্বরগঞ্জে পালিত হলো ‘ক্লিন সানডে’ ও বৃক্ষরোপণ কর্মসূচি


মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগ এবং ‘ক্লিন ময়মনসিংহ’ কার্যক্রমের ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুল খালেক মোকসুদা উচ্চ বিদ্যালয়ে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”—এই স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। সমাবেশ শেষে তিনি শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং আনুষ্ঠানিকভাবে ‘Clean Sunday’ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়কে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিভিন্ন কৌশল ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মানসিক বিকাশের স্বার্থে তিনি উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহের প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের নির্দেশনা দেন। পরিচ্ছন্ন পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় এই ইতিবাচক ধারা সর্বদা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মো. আসাদুজ্জামান, আব্দুল খালেক মোকসুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহুরা খাতুন, এবং সহকারী শিক্ষক তবারক হোসেন ও বাচ্চু মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।



