গাংগুরিয়া ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


ইসমাইল হোসেন , পোরশাঃ নওগাঁর পোরশা উপজেলার গাংগুরিয়া ডিগ্রী কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কলেজের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কলেজ সূত্রে জানা যায়, এ বছর গাংগুরিয়া ডিগ্রী কলেজ থেকে মোট ১৯৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ১৩২ জন ছাত্র এবং ৬১ জন ছাত্রী রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মোফাজ্জল হোসেন, কলেজের অধ্যক্ষ সাহা মঞ্জুর মোর্শেদ চৌধুরী, সহযোগী অধ্যাপক আনিসুর রহমান, প্রভাষক আব্দুর রশিদ, সহকারী অধ্যাপক লোকমান হাকিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে পরীক্ষার্থীদের মনোযোগ, অধ্যবসায় ও নৈতিকতার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের জীবনের পরবর্তী ধাপে সফলতার জন্য আন্তরিক শুভকামনা ব্যক্ত করেন।
পরে বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ কল্যাণ, সুস্বাস্থ্য এবং এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানটি বিদায়ী শিক্ষার্থীদের জন্য এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে শুভকামনা নিয়ে তারা আগামী দিনের নতুন যাত্রার প্রত্যয় ব্যক্ত করে।



