ঝিনাইদহে বারি জিরা চাষের মাঠ দিবস অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ভিটশ্বর গ্রামে জিরা মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষিবান্ধব ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ভিটশ্বর ফুটবল মাঠে এ আয়োজন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরের প্রদর্শনীভুক্ত এই মাঠ দিবসের আয়োজন করে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এবারের প্রদর্শনীতে কৃষকদের মাঝে অন্যতম আকর্ষণ ছিল উচ্চ ফলনশীল মসলা জাতীয় ফসল ‘বারি জিরা-১’। উন্নত জাতের এই জিরা চাষের ফলন ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে স্থানীয় চাষিদের উদ্বুদ্ধ করতেই মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত কৃষি কর্মকর্তা নুর এ নবী জানান, দেশের মাটিতে উন্নত জাতের মসলা উৎপাদন বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমিয়ে আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য। সঠিক প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে ঝিনাইদহের মাটিতেও জিরার বাম্পার ফলন ফলানো সম্ভব, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসুর সভাপতিত্বে মাঠ দিবসে এলাকার ১৫০ জন কৃষক উপস্থিত হয়ে বারি জিরা-১ এর প্রদর্শনী প্লট পরিদর্শন করেন এবং এই লাভজনক ফসল চাষে গভীর আগ্রহ প্রকাশ করেন।



