নওগাঁয় ডিবির অভিযানে বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার


সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর পরিচালিত মাদকবিরোধী অভিযানে একজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার এবং ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুন ২০২৬ তারিখে গভীর রাতে জেলা গোয়েন্দা শাখার একটি দল মান্দা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, মান্দা উপজেলার গণেশপুর সেকিপাড়া (বিলের পাশে) এলাকায় স্বামী-স্ত্রী মিলে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে রাত ১২টা ১০ মিনিটে অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত সাইদুর রহমান (৪৬), পিতা- হযরত আলী, গ্রাম- গণেশপুর সেকিপাড়া (বিলের পাশে), থানা- মান্দা, জেলা- নওগাঁ, তার হাতে থাকা একটি কালো পলিথিন ব্যাগ ফেলে বিলের মধ্যে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই পলিথিন ব্যাগ তল্লাশি করে ১০×৪০ পাতায় মোট ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় সাইদুর রহমানের স্ত্রী রাশেদা বেগম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মহিলা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্যের উপস্থিতিতে তার বসতবাড়ি তল্লাশি করা হয়। রাশেদা বেগমের কাছে থাকা চাবি দিয়ে তার ট্রাংকের তালা খুলে তল্লাশি চালিয়ে আরও ২৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান শেষে উপস্থিত সাক্ষীদের সামনে মোট ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। পলাতক সাইদুর রহমানকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের চলমান অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।



