শৈশবের বিদ্যাপীঠে ফিরে আবেগাপ্লুত মেজর জেনারেল মাহবুব হায়দার


দীর্ঘ ৬০ বছর পর শৈশবের স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠে ফিরে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিত্ব মেজর জেনারেল মাহবুব হায়দার খান। সোমবার (১৫ জুন) দুপুরে হেলিকপ্টার করে বাগেরহাটের মোরেলগঞ্জ অম্বিকাচরনলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরন করেন তিনি।
মাহবুব হায়দার খানের সফর সঙ্গী হিসেবে ছিলেন নেপালের আর্মির মেজর জেনারেল ঝংকার কায়াত, বিশিষ্ট পাখি বিশেষজ্ঞ কাজী আহমেদ হোসাইন ও মাহবুব হায়দার খানের ছেলে মানসিব খান।
বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, খেলার মাঠ ও পুরনো স্থাপনাগুলো ঘুরে দেখে মেজর জেনারেল মাহবুব হায়দার খান বলেন, ‘এই বিদ্যালয় শুধু আমার শিক্ষার ভিত্তি নয়, আমার চরিত্র ও জীবনবোধ গঠনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। ৬০ বছর পর এখানে ফিরে এসে মনে হচ্ছে আমি আবার আমার শৈশবে ফিরে গেছি।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে।
’ কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রতিষ্ঠানের একজন কৃতী শিক্ষার্থী হিসেবে মেজর জেনারেল মাহবুব হায়দার খানের এই সফর বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।



