খুলনা

খুলনার দৌলতপুরে মসজিদে ঢুকে গুলি, আহত ২

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি আহত হয়েছেন। রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) ও আলম মন্ডল (৫৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নামাজ চলার সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে ঢুকে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা আলম মন্ডলও গুলিবিদ্ধ হন।

গুলিতে লোকমান হাকিমের মাথায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ ও ডান বাহুতে গুলি লাগে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর জোনের সহকারী কমিশনার (এসি,দৌলতপুর) মোঃ শফিকুল ইসলাম তরঙ্গ নিউজ প্রতিবেদককে উল্লেখিত তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু হয়েছে। হামলার কারণ এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

এসি শফিক আরো বলেন, সিসিটিভি ফুটেজ চেক করে দেখা হচ্ছে, মোটরসাইকেলযোগে যারা ঘটনাস্থল থেকে দ্রুত পালাচ্ছে, তাদের ফেস আইডেন্টিফাই করা যাচ্ছে না।

এই বিভাগের আরও সংবাদ