কেএমপি’র অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোনাডাঙ্গা মডেল থানার এএসআই (নিঃ) হাসান জাহিদ সঙ্গীয় ফোর্সসহ সোমবার (২ জুন) রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় শেরে বাংলা রোডের আমতলা মোড় এলাকা থেকে মো. রাজ্জাক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজ্জাক পশ্চিম বানিয়া খামার এলাকার বাসিন্দা। তার পিতা মৃত লাল চান। তিনি বর্তমানে সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়া খামার মেইন রোডের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে খুলনা সদর এলাকার জিআর নং-১৪০৫/০৮ মামলায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া টাঙ্গাইল জেলার বাসাইল থানার মামলা নং-১(০২) ২০২৩, জিআর নং-১২/২৩, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারার মামলাতেও তিনি পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশের সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে লবণচরা থানাসহ দেশের বিভিন্ন থানায় মোট সাতটি ডাকাতি মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে তাকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।



