সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুই ডাকাত আটক।


সুমন,স্টাফ রিপোর্টারঃ- সুন্দরবনের আত্মসমর্পণকৃত ‘ছোট সুমন বাহিনী’র দুই ডাকাত নতুন দল গঠনকালে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া পশ্চিম জোনে’র লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ নিশ্চিত করে জানান, নতুন ডাকাত দল গঠন কালে সুন্দরবনের আত্মসমর্পণকৃত ‘ছোট সুমন বাহিনী’র আত্মসমর্পণে অনিচ্ছুক দুই ডাকাতকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়। দুই ডাকাত সদস্য ‘চাচা- ভাইরপো’ নামে একটি নতুন ডাকাত দল গঠন করে পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার অপচেষ্টা চালাচ্ছে এবং বর্তমানে তারা রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(২৫ মে) সন্ধ্যায় কোস্ট গার্ড বেইস মোংলা ঐ এলাকায় একটি অভিযান পরিচালনা করে দুই ডাকাত সদস্য মোঃ নাজমুল শেখ (৩৫)ও হানিফ শেখ(৪২) কে আটক করা হয়। আটককৃতরা দুজনেই মোংলা থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ডাকাত ছোট সুমন বাহিনীর সাথে জড়িত থেকে সুন্দরবন এলাকায় ডাকাতি করে আসছিল। পরবর্তীতে গত ১৭ মে’ছোট সুমন বাহিনী’র আত্মসমর্পণের পরে তারা ‘চাচা- ভাইরপো’ নামে একটি নতুন ডাকাত দল গঠন করে পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির জন্য সদ্য প্রস্তুতকৃত ‘চাচা- ভাইরপো’ নাম সম্বলিত ৫০০টি কার্ড উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃত ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার ২৬ মে সকাল ৬ টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের সমন্বয়ে মোংলা থানাধীন সুন্দরবনের সেলা নদীর বটতলার খাল সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে ৩ টি একনলা বন্দুক, ১ টি পাইপ গান, ১টি খেলনা পিস্তল ও ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



