সুন্দরবনে অস্ত্র গোলাবারুদসহ ডাকাত করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক


সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গোলাবারুদসহ ৩ ডাকতকে আটকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১৫ মে) সকাল ১০ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা’র লেঃ ইকরা মোহাম্মদ নাসিফ এ তথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা বাগেরহাটের শরণখোলার সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়ার খালী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে, গত বুধবার(১৩ মে) বিকাল থেকে টানা ২ দিন কোস্ট গার্ড বেইস মোংলা এবং স্টেশন কোকিলমনি কর্তৃক ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে অভিযানকারী দল ধাওয়া করে করিম শরীফ বাহিনীর ৩ জন সক্রিয় ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়।
এ সময় আটককৃতদের কাছ থেকে ৩ টি একনলা বন্দুক, ১ টি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, ২ টি ওয়াকিটকি ও ৪ টি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত মোঃ মেহেদী হাসান (২৫) ও মোঃ রমজান শরীফ (১৯) বাগেরহাটের মোরলগঞ্জ থানা এবং মোঃ এনায়েত (২৫) ফরিদপুরের ভাঙ্গা থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি এবং সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



