“মানবতার বন্ধনে” খুলনায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন


আহছানুল আমীন জর্জ,খুলনা ব্যুরো প্রধান : খুলনায় “ইউনাইটেড ইন হিউম্যানিটি” প্রতিপাদ্যে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৭ মে বৃহস্পতিবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা সিটি ইউনিট।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক ও খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু বলেন, ১৮৬৩ সালে ইতালির সলফেরিনোর যুদ্ধের ভয়াবহতা থেকে মানবসেবার যে আন্দোলনের সূচনা হয়েছিল, আজ তা বিশ্বব্যাপী অসহায় মানুষের আশার প্রতীক হয়ে উঠেছে।
তিনি বলেন, ১৯৭৩ সাল থেকে বাংলাদেশে রেড ক্রিসেন্ট মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। দুর্যোগ, সংঘাত ও সংকটে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই এ আন্দোলনের মূল শক্তি। তিনি একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন সিটি ইউনিটের সাবেক সহসভাপতি শেখ সাদিকুল ইসলাম সাদি। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের চলমান “থ্রি-সি” প্রকল্পের আওতায় নগরীর ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে সড়ক, ড্রেন, সোলার লাইট, টয়লেট ও জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়। এর আগে নগর ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।



