খুলনায় শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীতে ২০ এপ্রিল সোমবার থেকে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। নগরীর কাস্টমঘাটস্থ আমিরা বানু বেগম নগর মাতৃসদনে একটি শিশুকে টিকা প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশজুড়ে হামের হঠাৎ প্রাদুর্ভাব মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। তিনি নগরবাসীকে ভাইরাসজনিত এ সংক্রমণ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান এবং কোভিড-১৯ মোকাবেলার মতো সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে শিশুদের সুরক্ষায় মায়েদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় পরিচালিত এ ক্যাম্পেইন আগামী ২০ মে ২০২৬ পর্যন্ত চলবে। প্রথম ৮ কর্মদিবসে নগরীর স্থায়ী ও অস্থায়ী টিকাকেন্দ্রগুলোতে এবং পরবর্তী ৬ কর্মদিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
কর্মসূচি বাস্তবায়নে খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডকে ৪টি জোনে বিভক্ত করা হয়েছে। ৩৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২৫৬টি টিকাকেন্দ্রে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১৪৪ জন টিকাদান কর্মী ও ২০৬ জন স্বেচ্ছাসেবীর সমন্বয়ে ৮২টি টিম কাজ করবে।
এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৯৩ হাজার ৭৮৮ জন শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও
উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।



